প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবি পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই উষ্ণ অভিনন্দন জানানো হয়।অভিনন্দন বার্তায় তারা বলেন ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা, যা জাতির নতুন যাত্রায় আস্থার এক দৃঢ় ভিত্তি রচনা করবে।তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা নতুন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।নেতারা একই সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী দলীয় প্রার্থী কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমকেও অশেষ ধন্যবাদ জানান। গণতন্ত্রের সৌন্দর্য ও রীতি মেনে একজন সিনিয়র রাজনীতিক হিসেবে তিনি যে সৌজন্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের গণতান্ত্রিক পথচলাকে সুসংহত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।তারা বলেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন,এটাই দেশের জনগণের অকুণ্ঠ প্রত্যাশা।একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষা,নাগরিক অধিকার সংরক্ষণ,রাজনৈতিক বহুত্ববাদের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে আমরা পূর্ণ আস্থা রাখি।এবি পার্টির ওই নেতা বলেছেন জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে,তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক।আমরা দৃঢ়ভাবে আশা করি তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা,নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত