প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
নেশার টাকায় ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে চোর
||
সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,কুমিল্লা।মাদকের মরণ কামড়ে দিশেহারা কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ও আশপাশের চরাঞ্চল। নেশার টাকা জোগাতে এলাকার একশ্রেণির পথভ্রষ্ট যুবক নেমেছে আত্মঘাতী চুরির খেলায়।অবশেষে এই বিপজ্জনক চুরির চূড়ান্ত মাশুল গুনতে হলোএক যুবককে-বিদ্যুৎ লাইন থেকে ট্রান্সফরমার খোলার সময় বিকট বিস্ফোরণে শরীর ঝলসে এখন সে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।ঘটনাটি ঘটে বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ির আওতাধীন ভারেল্লা উত্তর ইউনিয়নের রামপুর-ভারেল্লা চরাঞ্চলে। রাতের আঁধারে চালু বিদ্যুৎ লাইনের সংযোগ কেটে ট্রান্সফরমার হাতানোর চেষ্টা চালায় এক চোর। কিন্তু আকস্মিক হাই-ভোল্টেজ শর্টসার্কিট ও বিস্ফোরণে মুহূর্তেই উল্টে যায় সব হিসেব। বিকট শব্দে চোর মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয়রা রক্তাক্ত ও দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এলাকাবাসীর চরম ক্ষোভ,ময়নামতিজুড়ে মাদকের অবাধ কেনাবেচাই এই চুরির সিন্ডিকেটের মূল চালিকাশক্তি। মাদকের দৈনিক খরচ জোগাতে যুবসমাজ ধাবিত হচ্ছে অবক্ষয়ের দিকে।তার বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চুরি করে অতি অল্প দামে বিক্রি করাই এখন তাদের আয়ের প্রধান উৎস। ট্রান্সফরমার চুরির ফলে পুরো এলাকা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে, সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি আর বিদ্যুৎ বিভাগ গুনছে বিপুল ক্ষতির খতিয়ান।সুশীল সমাজ ও স্থানীয় সচেতন মহলের সোজা হিসাব-মাদকের অভয়ারণ্য ধ্বংস না হলে এই অপরাধচক্র ও প্রাণঘাতী দুর্ঘটনা থামানো যাবে না। সামান্য কয়েক টাকার লোভে নিজের জীবন বাজি রেখে অপরাধে জড়ানো স্পষ্টতই এক আত্মঘাতী প্রবণতা।এলাকাবাসী বুড়িচং থানা পুলিশ, দেবপুর ফাঁড়ি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন।ময়নামতি ও ভারেল্লার প্রতিটি মাদক স্পট গুঁড়িয়ে দিয়ে মূল হোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে চুরির এই ভয়াবহ উপদ্রব বন্ধ হওয়া অসম্ভব।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত