প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই,শেষ পর্যন্ত হার মানলেন ইখতারা,স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে হত্যার অভিযোগ
||
করেসপন্ডেন্ট,ব্রাহ্মণবাড়িয়া। শরীরের ৫০ শতাংশ দগ্ধ অবস্থায় চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন ইখতারা সরকার (৩০)।গতকাল বুধবার ৪ ঠা নভেম্বর ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।১৫ বছরের সংসারে দুই মেয়ে ও এক ছেলের জননী ইখতারা দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার ছিলেন বলে অভিযোগ পরিবারের। মারধরের শিকার হয়ে দেড় মাস আগে আশ্রয় নেন বাবার বাড়িতে।গত ৩১ শে অক্টোবর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় বাবার বাড়িতে ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠে তাঁর স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে।স্বজনদের দাবি ঘটনার আগের দিনই স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন জাহাঙ্গীর। পরদিন ভোরে এসে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন। এতে ইখতারার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।বিশেষ করে গলা ও কণ্ঠনালী গুরুতরভাবে দগ্ধ হয়েছিল।এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।তবে মামলার আসামি জাহাঙ্গীর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।ইখতারার মৃত্যুর পর এখন মা-হারা দুই মেয়ে ও এক ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা।তাঁদের দাবি অভিযুক্তকে দ্রুত গ্রেফতারকরে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত