প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বুড়িচংয়ের বাকশীমুল মাদরাসার শিক্ষা সফরের বাসে করুণ দুর্ঘটনা,নিহত ২,আহত অন্তত ৩০
||
সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা থেকে কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।আজ চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক তথ্যে জানা গেছে, দুটি বাস নিয়ে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দঘন পরিবেশে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে কেরানিরহাট এলাকায় একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।এ করুণ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলে - মাদরাসার শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী ও দৈনিক রূপসী বাংলার জেনারেল ম্যানেজার হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) এবং শিক্ষিকা সোহানা আফরোজ।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। বর্তমানে প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বুড়িচং ও বাকশীমুল এলাকায় গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে। নিমিষেই শিক্ষা সফরের আনন্দ রূপ নিয়েছে এক বেদনাবিধুর ট্র্যাজেডিতে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত