প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান,৬৭০ বোতল মদসহ জব্দ ৪২ লাখের পণ্য
||
করেসপন্ডেন্ট,সিলেট। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ১৯ বিজিবি। পৃথক অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ,৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা,৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল জব্দ করা হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য বা সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।বিজিবি সূত্র জানায় ৭ ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়।এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।এ ছাড়া ৮ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।১৯ বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত