প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি
||
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ।চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ইটভাটাগুলোর মালিককে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) সম্পূর্ণ ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।রবিবার ৮ ই নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ও চেচনিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯ইং) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে মেসার্স সেবা ব্রিকস ও মেসার্স এ আর বি ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়। অন্যদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। চারটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে ফেলার পাশাপাশি সবগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশ,এসআরবি-৫, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনায় সহযোগিতা করে।পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত