প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
বদরগঞ্জে প্রধান শিক্ষকের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর,দখলচেষ্টা ঠেকালেন প্রতিবেশীরা
||
মাফিকুল ইসলাম,পার্বতীপুর,দিনাজপুর। রংপুরের বদরগঞ্জ পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতবাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে করিম মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।গত শনিবার সকালে লোকজন নিয়ে তিনি এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে পুরো সীমানাপ্রাচীর ভাঙতে পারেননি তাঁরা।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের ভাষ্য বদরগঞ্জের সততা সারের দোকানের স্বত্বাধিকারী করিম মিয়া কয়েকজন লোক নিয়ে শাহপুর মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকায় প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের বাড়িতে যান। ঐ সময় বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন না। তাঁরা গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে সীমানাপ্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।প্রতিবেশী শামসুল আলম ও সাফিকুল ইসলাম জানান প্রায় ১৫ বছর আগে তাঁদের বাবার কাছ থেকে খন্দকার হাবিবুর রহমান ওই বসতভিটা কিনেছিলেন।তাঁদের অভিযোগ মালিকের অনুপস্থিতিতে করিম মিয়া লোকজন নিয়ে অন্যায়ভাবে সীমানাপ্রাচীর ভাঙেন।পরে স্থানীয় নারী-পুরুষ প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দিলে বাকি অংশ ভাঙা সম্ভব হয়নি। তাঁরা এ ঘটনাকে জবরদখলের অপচেষ্টা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ভুক্তভোগী প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন ‘প্রকাশ্য দিবালোকে আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা করা হয়েছে। আমরা এই সমাজে কতটা নিরাপদ? কয়েক মাস আগে করিম মিয়া আমার গ্রামের বাড়িতে গিয়ে বাড়িটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। আমি তাতে রাজি হইনি। বর্তমানে আমার ভাগনে, শ্যালিকার ছেলে অধ্যাপক মনিরুজ্জামান সুমন বাড়িটির সংস্কারকাজ তদারকি করছেন। এমন সময় শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশীর মাধ্যমে মোবাইল ফোনে সীমানাপ্রাচীর ভাঙার খবর পাই।’তিনি আরও বলেন ‘আমি শিক্ষক মানুষ।কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না।তবে এ ঘটনার যথাযথ আইনগত প্রতিকার চাই। আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের উদ্যোগ নেব।এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ভিডিও ধারণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেন বলে জানা গেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত করিম মিয়া সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে সীমানাপ্রাচীর ভাঙার বিষয়টি স্বীকার করেছেন।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন আমাদের সময়-এর প্রতিনিধি মাহাবুবার রহমান বিপ্লব,গ্লোবাল চ্যানেলের প্রতিনিধি নুরুন্নবী নুরু, আমার দেশ-এর প্রতিনিধি এম এ ছালাম বিশ্বাস, নাগরিক চ্যানেলের প্রতিনিধি ইশতিয়াক আহমেদ রিফাত এবং দৈনিক বাংলার আলো-এর প্রতিনিধি সোহেল রানা। তাঁরা এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।স্থানীয় বিএনপি নেতা ও সাংবাদিক শ্যামল লোহানী ঘটনার প্রতিবাদ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। বদরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাহো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ফেরদৌস আলী ও মানবজমিন-এর সাংবাদিক মেজবাহুল ইসলাম সবুজও বাড়ি দখলের চেষ্টার অভিযোগের নিন্দা জানিয়েছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। তবে অভিযুক্ত করিম মিয়ার বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত