প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
শিক্ষকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন দিনাজপুর জেলা আমীর ড. এনামুল হক
||
ফিরোজ সরকার, দিনাজপুর। রাষ্ট্রপতি গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষাবিদ ও গবেষক; শিক্ষকতা জীবনে একাধিকবার অর্জন করেছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।জাতীয় শিক্ষা স Rdপ্তাহ-২০২৬ ইং প্রতিযোগিতায় দিনাজপুর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহাদ্দিস ড. এনামুল হক। আজ তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জেলা প্রশাসকের নিকট হতে সনদ ও পুরস্কার গ্রহন করেন। তিনি বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস (সহকারী অধ্যাপক) হিসেবে দায়িত্ব পালন করছেন।অদ্য বৃহস্পতিবার ১২ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ১০টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।শিক্ষকতা জীবনে এর আগেও একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন মুহাদ্দিস ড. এনামুল হক। ২০০৪ ও ২০০৭ সালে বিরামপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সর্বশেষ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় আবারও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সেই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।শিক্ষকতা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতা১৯৭৭ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন মুহাদ্দিস ড. এনামুল হক।মাদরাসা শিক্ষার মাধ্যমে তাঁর শিক্ষাজীবন শুরু। ১৯৯১ সালে দাখিল এবং ১৯৯৩ সালে জয়পুরহাটের হানাইল নো'মানিয়া কামিল মাদরাসা থেকে আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকার তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন।২০০২ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগ থেকে এমএ পরীক্ষায় মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল লাভ করেন। ২০০৭ সালে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদের হাত থেকে তিনি পদক গ্রহণ করেন।এ ছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর গবেষণার বিষয় ছিল ‘আল হাদীসে বর্ণিত প্রাচীন জাতিগোষ্ঠী: কাহিনী ও শিক্ষা’।১৯৯৮ সালের ৯ আগস্ট বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদরাসায় কামিল শ্রেণির হাদীস বিভাগের মুহাদ্দিস হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘ শিক্ষকতা ও একাডেমিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান মুহাদ্দিস (সহকারী অধ্যাপক) হিসেবে দায়িত্ব পালন করছেন।গবেষণা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাশিক্ষকতার পাশাপাশি গবেষণামূলক লেখালেখিতেও তাঁর অবদান রয়েছে। তাঁর শতাধিক গবেষণামূলক প্রবন্ধ, ইসলামি চিন্তাধারাভিত্তিক নিবন্ধ ও সমসাময়িক বিষয়ক লেখা বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ষান্মাসিক জার্নাল, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাময়িকী, সোনার বাংলা সীরাতুন্নবী (সা.) ম্যাগাজিন, ছাত্র সংবাদ, মাদরাসা ও শ্রমিক বার্তাসহ বিভিন্ন প্রকাশনায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সংগ্রামসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায়ও লেখালেখি করেন তিনি। বিরামপুর প্রেসক্লাবের সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ শিক্ষকতা, উচ্চশিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠেছে মুহাদ্দিস ড. এনামুল হকের কর্মজীবন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ আবারও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া তাঁর শিক্ষকতা জীবনে নতুন স্বীকৃতি যোগ করেছে। একই সঙ্গে দিনাজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত