প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ডেঙ্গুমুক্ত শেরপুর গড়তে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান
||
আল আমিন,শেরপুর। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।অদ্য শনিবার ১৪ ই নভেম্বর জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নকলা উপজেলায় ৫৬টি স্থানে ৫৮১ জন, শ্রীবরদীতে ৩০টি স্থানে ৫৭০ জন, শেরপুর সদরে ১৫১টি স্থানে ১ হাজার ১৮০ জন, ঝিনাইগাতীতে ১৩টি স্থানে ১৪৮ জন এবং নালিতাবাড়ীতে ৪৫টি স্থানে ৮৭০ জন এ অভিযানে অংশ নেন।জেলাব্যাপী মোট ২৯৫টি স্থানে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন ৩ হাজার ৩৪৯ জন।শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিক। এছাড়া অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু একদিনের অভিযান নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত