প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
বালু খেকোদের অপকর্মের ভিডিও,প্রাণনাশের হুমকি যুবককে
||
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।পঞ্চগড়ের দেবীগঞ্জে নদী ও সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ এবং এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এক যুবককে মারধর,শ্বাস রোধে হত্যা চেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।হামলার শিকার ইউসুফ আলী (৩০) এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।গতকাল মঙ্গলবার ২৪ শে নভেম্বর রাতে দেবীগঞ্জ ইউনিয়নের মোড়াতল্লী বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ইউসুফকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই রাতে তিনি থানায় অভিযোগ জমা দেন।অভিযুক্তরা হলেন উপজেলার পূর্বদেবীডুবা নাজিরনপাড়া গ্রামের রবিউল ইসলাম (৩১),চর তিস্তাপাড়ার রাকিব ইসলাম (২২), চর ঢাকাইয়াপাড়ার শহিদুল ইসলাম ওরফে সৈয়দ আলী (২৬), সবুজপাড়ার বাবু ইসলাম (৩৩), জাকির হোসেন (৫৫), সরকারপাড়ার আবু কালাম (৩৫), মোড়াতল্লীর শাহা আলম (২২) ও মালেক (২২)।এছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে অভিযোগে আসামি করা হয়েছে।লিখিত অভিযোগে ইউসুফ উল্লেখ করেন ঘটনার রাতে মোড়াতল্লী বাজারে তাকে ঘিরে ধরে অভিযুক্তরা গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়।এতে তার মাথা,বাম বাহু,পিঠ,কোমর ও বাম হাঁটুতে আঘাত লাগে।অভিযোগ অনুযায়ী একপর্যায়ে মাটিতে পড়ে গেলে একজন তার বুকের উপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় তার প্যান্টের পকেটে থাকা ২৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।ইউসুফ আলী বলেন, রাঙ্গাপানি সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এর প্রতিবাদ ও বালু উত্তোলনের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করায় তার ওপর হামলা চালানো হয়েছে।পাশাপাশি ভবিষ্যতে একা পেলে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন বাবু ইসলাম। তার দাবি, ইউসুফের আচরণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাকে মারধর করেছেন।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রবীর কুমার সরকার জানান এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত