ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

আক্কেলপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমানা

মোঃ সুমন মন্ডল,জয়পুরহাট। জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর দুপুর ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় ২০১০ ইং সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের দীর্ঘ ১৩ বছরেও তাদের কোনো সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে প্রায়ই কলহ সৃষ্টি হতো।এরই ধারাবাহিকতায় ২০২৩ ইং সালের ৭ ই মার্চ রাতে পারিবারিক বিরোধের জেরে সিরাজুল ইসলাম তার স্ত্রী পান্না বিবিকে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন পরদিন ৮ মার্চ আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পান তৎকালীন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ জুলাই তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার আদালত সিরাজুল ইসলাম শেখ লালুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় ঘোষণা করেন।

আক্কেলপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড,২০ হাজার টাকা জরিমানা