ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।   জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।অদ্য সোমবার ২ রা নভেম্বর ২০২৬ ইং সকাল ১০টায় রাজধানীর বিআরটিসি ট্রেনিং সেন্টার, তেজগাঁও, ঢাকায় এ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল - “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০২, ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের আওতায় পেশাদার মোটরযান চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি চালকদের সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।আয়োজকরা মনে করেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে দৃষ্টিশক্তির সমস্যা, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের মতো শারীরিক জটিলতা সম্পর্কে আগাম সচেতনতা চালকদের নিরাপদে গাড়ি চালাতে সহায়তা করে।সড়ক দুর্ঘটনা কমাতে শুধু ট্রাফিক আইন প্রয়োগ নয়, চালকদের স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিও জরুরি। এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পেশাদার চালকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ সড়ক গড়ার উদ্যোগকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।সুস্থ চালক, নিরাপদ সড়ক-ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসুন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা