ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের ঝুঁকি এড়াতে দ্রুত দেশে ফিরে আসার আহবান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।দেশজুড়ে ইমিগ্রেশন বিভাগের চলমান চিরুনি অভিযানের মধ্যে সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিরাপদে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল রবিবার ৬ ই সেপ্টেম্বর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন অনিয়মিত ও নথিবিহীন অভিবাসীদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার "মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০" চালু করেছে।এ কর্মসূচির আওতায় সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করে দেশে ফেরার সুযোগ রয়েছে।হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী দেশে ফিরতে আবেদনকারীর বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে।পাসপোর্ট না থাকলে কিংবা মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশ হাইকমিশন থেকে "ট্রাভেল পারমিট" সংগ্রহ করা যাবে।তবে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজেই ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে।কোনো দালাল,মধ্যস্বত্বভোগী কিংবা প্রতিনিধির মাধ্যমে আবেদন করার সুযোগ নেই।নির্ধারিত নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কমপক্ষে পাঁচ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে দেশে ফেরার বিমানের নিশ্চিত টিকিট থাকতে হবে।আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে রাখতে হবে।এর মধ্যে রয়েছে পাসপোর্ট অথবা ট্রাভেল পারমিট,বায়োডাটা পৃষ্ঠার অনুলিপি এবং পুরোনো পাসের অনুলিপি।দালালচক্রের বিষয়ে সতর্ক করে তরিকুল ইসলাম জানান এই কর্মসূচির আওতায় দেশে ফিরতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই।শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করে অথবা বাংলাদেশ হাইকমিশনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা