যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী নরম্যান বেকারের উপস্থিতিতে জামালগঞ্জে ১৬১ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
মোঃ রফিকুল ইসলাম রফিক,সুনামগঞ্জ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।অদ্য রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের সাবেক মন্ত্রী ও এমপি দ্য রাইট অনারেবল নরম্যান বেকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হসপিটালিটি উদ্যোক্তা হোসাইন ইলিয়াস।এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার আলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের মোট ১৬১ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।আয়োজকরা জানান শিশুদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী হুসাইন ইলিয়াসের অর্থায়নে এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের চল্লিশজন নারী পুরুষ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।