চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র,বল্লমের আঘাতে যুবক নিহত,আহত ১০
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক চোরাকারবার নিয়ে আয়োজিত একটি গ্রাম্য সালিশ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে ইব্রাহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার ১০ ই জুন দুপুরে দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ঐ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শওকত আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় মাদক চোরাকারবারিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।সেই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠে।একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয় : সারাদেশ রাজশাহী চাপাইনবাবগঞ্জ
আপনার মতামত লিখুন