পেট্রোল বোমা নিক্ষেপে পুড়ে ছাই বসতবাড়ি,মিলেনি সমাধানঃ প্রতিকারের আশায় অসহায় পরিবার
মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপ করে এক পরিবারকে সপরিবারে পুড়িয়ে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।এতে বসত বাড়ির পাঁচটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারটি। ন্যায়বিচারের আশায় দিশেহারা হয়ে দিন কাটাচ্ছেন তারা।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গত ২৯ মে দিবাগত রাতে ৯নং ওয়ার্ড চৌদুয়ার গ্রামের বাসিন্দা আমজাদ শেখের বসতবাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমজাদ শেখের ৫টি ঘর,নগদ টাকা,স্বর্ণালঙ্কার,জমির দলিল,টিভি, ফ্রিজ,খাট,ড্রেসিং টেবিল ও সোফাসেটসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।ঐ ঘটনার পরদিন মিরপুর থানায় একটি অজ্ঞাত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ভুক্তভোগী আমজাদ শেখ অভিযোগ করে বলেন "আগুন লাগার কিছুদিন আগে থেকেই একই এলাকার গাফফার শেখের ছেলে রজব শেখ আমার মেয়ের পেছনে লাগত এবং মোবাইল ফোনে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।এমনকি আগুন লাগার আগের রাতেও তাকে আমাদের বাড়ির আঙিনায় ঘোরাঘুরি করতে দেখেছেন প্রতিবেশীরা।
তিনি আরও জানান মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল-স্বামীর সংসার ছেড়ে না এলে শ্বশুর বাড়িতে আগুন দেওয়া হবে।এর জের ধরে গত ১৫ জুলাই রাতে মেয়ের শ্বশুর মোঃ ইমদাদুলের বাড়িতেও দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।ঘটনার পরদিন মেয়ে জামাইয়ের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
পরবর্তীতে বিভিন্ন আলামত ও তথ্যের ভিত্তিতে আমজাদ শেখ ১৫ জুলাই মিরপুর থানায় অভিযুক্ত রজব শেখের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ ঘটনাস্থল সরজমিনে তদন্ত করলেও রহস্যজনকভাবে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে প্রতিনিয়ত হয়রানির মাত্রা বাড়িয়ে রজব শেখের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আমজাদ শেখের মেয়ে আসমা খাতুনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেন।এ ঘটনায় অতিষ্ঠ হয়ে আসমা খাতুন গত ১৮ জুলাই মিরপুর থানায় আরও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরপর কয়েকটি ঘটনার পরও পুলিশি তৎপরতা দৃশ্যমান না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। বিভিন্ন মাধ্যমে তাদের প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অসহায় আমজাদ শেখ ও তার পরিবার।
আপনার মতামত লিখুন