পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ
তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা বরগুনা।
"বৃক্ষরোপণ করি,সবুজ বাংলাদেশ গড়ি"-এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।অদ্য রবিবার ৬ ই সেপ্টেম্বর সকাল ১১টায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),ওয়াটার কিপারস বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ারস ক্লাবের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা -ধরা পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,পাথরঘাটা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন বাবুল,বিশেষ অতিথি ছিলেন,ধরিত্রী রক্ষায় আমরা -ধরা এর বরগুনা জেলার সদস্য সচিব পরিবেশকর্মী মুশফিক আরিফ, সমাজকর্মী মেহেদী শিকদার,আব্দুল মালেক,সোহাগ আকন, মাইনুল ইসলাম রেজা,মিথুন মিত্রসহ প্লানেটিয়ারস ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশে এসব চারা রোপণ ও পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়।আয়োজকরা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না,মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি পরিবারে বৃক্ষ রোপণের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,আয়োজক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন