সিরাজগঞ্জে সুরাইয়া আক্তার সাথী (১৮) নামে এক তরুণী নিখোঁজ,সন্ধান পাওয়া যায়নি ৫ দিনেও
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে মোছাঃ সুরাইয়া আক্তার সাথী (১৮) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন।নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সুরাইয়া আক্তার সাথী উপজেলার বেংনাই পশ্চিমপাড়া গ্রামের ছামিদুল ইসলাম ও রূপা খাতুনের মেয়ে।তিনি মিত্র তেঘুরি বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন।
পরিবার সূত্রে জানা যায় গত ৫ ই সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সুরাইয়া নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।নিখোঁজের সময় সুরাইয়ার পরনে ছিল গোলাপি রঙের বোরখা। তার গায়ের রং ফর্সা, চুল কালো ও মাঝারি লম্বা। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৫৪ কেজি।এ ঘটনায় ৫ সেপ্টেম্বর সুরাইয়ার ভাই মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি জিডি করেন।
রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাঈদ বলেন তরুণীকে উদ্ধারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।তার মোবাইল ফোনের কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য প্রযুক্তিগতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সম্ভাব্য বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তার অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে।রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তরুণীর অবস্থান শনাক্তের পাশাপাশি নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ বা অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সুরাইয়ার ভাই মোঃ রবিউল ইসলাম বলেন বাড়ি থেকে যাওয়ার সময় তার চাচা সুরাইয়াকে পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাস পাম্পের সামনে নামতে দেখেছেন।ঐ পাম্পের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলে সুরাইয়া কোথায় গেছেন বা তার সঙ্গে কেউ ছিলেন কি না,সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার দাবি জানান তিনি।পুলিশের পক্ষ থেকে নিখোঁজ তরুণীর সন্ধান পেলে তার পরিবারের সদস্য অথবা নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন