পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১ জন
তুষার কান্তি হাওলাদার,পাথরঘাটা,বরগুনা।
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।আজ শুক্রবার ১১ ই সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সালমান বিন শওকত।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ১০ ই সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস,তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইব্রাহিমকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায় জব্দ করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা, তিনটি চামড়ার মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য ১ হাজার টাকা।অভিযানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সালমান বিন শওকত বলেন এ বিষয় বন বিভাগের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন