আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি,খাদিমপাড়ায় প্রতিবাদ সমাবেশ
করেসপন্ডেন্ট,সিলেট।
সিলেট শহরতলীর ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে এক্সেলসিয়র রিসোর্টের একটি ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জনপ্রতিনিধিরা। একই সঙ্গে অপপ্রচার বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অদ্য রবিবার ১ লা নভেম্বর দুপুরে সুরমা গেট বাইপাস পয়েন্টে ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী,ব্যবসায়ী,সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন একটি মহল চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদকে এক্সেলসিয়র রিসোর্টের ঘটনার সঙ্গে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
বক্তাদের দাবি ঐ ঘটনার সঙ্গে চেয়ারম্যানের কোনো সংশ্লিষ্টতা নেই।বক্তারা বলেন কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে প্রচারণা চালানো অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ড একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত মর্যাদার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকলে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।বিশিষ্ট মুরব্বি আব্দুর রহিম বাবুলের সভাপতিত্বে এবং ছাত্রনেতা রূপিয়ান আহমদ সবুজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য আতাউর রহমান বাবুল, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু, সাইদুর রহমান সাইদ,কামাল আহমদ,সমাজসেবী মোঃ হানিফ, লোকমান আহমেদ,ব্যবসায়ী শাহ জাকের,আলী আকবর,সমাজসেবক আবু সাইদ, মকবুল আলী ও এনামুল হক কুটি।
এ সময় উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. আলামিন, ৩ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের জুবের আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলী, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মচ্ছব্বির এবং ৯ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়া।এ ছাড়া সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাহানা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিয়া বেগমসহ স্থানীয় মুরব্বি লোকমান আলী, পারভেজ আহমদ, মুছাব্বির আলী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।মানববন্ধন শেষে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং ঘটনার বিষয়ে তথ্য-প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন