মাদক বিরোধী অভিযান অব্যাহত,টেকনাফে উদ্ধার ২০ হাজার ইয়াবা
সাদ্দাম হোসেন সাজ্জাদ,কক্সবাজার।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় দুটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-২,হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনির বসতবাড়ি থেকে ১০ হাজার পিস এবং জিল্লুর রহমান ওরফে কালুর বসতবাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী টেকনাফ থানায় মামলা দায়ের এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এসআরবি-১৫ জানিয়েছে দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাচালান ছাড়াও অস্ত্র, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন