মিয়ানমার থেকে আসা ট্রলারে কড়া নজরদারি চায় সচেতন মহল
উচমান গনি,টেকনাফ,কক্সবাজার।
পণ্যের আড়ালে মাদক, অস্ত্রসহ অবৈধ সামগ্রী পাচার রোধে কঠোর নজরদারি ও শতভাগ যাচাই-বাছাইয়ের আহ্বান কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা পণ্যবাহী ট্রলারগুলোর মালামাল শতভাগ যাচাই-বাছাইয়ের দাবি উঠেছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং বন্দরের পণ্য খালাস কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি ট্রলারের মালামাল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সংশ্লিষ্টদের মতে টেকনাফ স্থলবন্দর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র। মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমের মাধ্যমে এ বন্দরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য পরিবহন ও খালাস করা হয়। এ কারণে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা সময়ের দাবি।
বিশেষ করে মিয়ানমার থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রলারে থাকা মালামালের যথাযথ পরীক্ষা নিশ্চিত করা প্রয়োজন।শুধু কাগজপত্র যাচাই কিংবা বাহ্যিকভাবে পণ্যের অবস্থা দেখে ছাড়পত্র প্রদান না করে প্রতিটি প্যাকেট, বস্তা ও কার্টন খুলে পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা উচিত।
যাতে কোনো পণ্যের আড়ালে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ কিংবা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী প্রবেশের সুযোগ না পায়।এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রম প্রয়োজন।
প্রতিটি ট্রলারের পণ্য তালিকা, আমদানি-সংক্রান্ত কাগজপত্র এবং বাস্তবে আনা মালামালের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করতে হবে।পাশাপাশি সন্দেহজনক পণ্য শনাক্তে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ও প্রয়োজনীয় তল্লাশি সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা জরুরি।সীমান্তবর্তী টেকনাফ ও আশপাশের এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র পাচার নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।
এ অবস্থায় স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্যের নিরাপত্তা যাচাইয়ে কোনো ধরনের শিথিলতা কাম্য নয়। নিয়মিত তদারকি, দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি এবং তল্লাশি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অবৈধ পণ্য প্রবেশের ঝুঁকি কমানো সম্ভব।
এদিকে, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে, মিয়ানমার থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রলারের মালামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরীক্ষা করতে হবে।
কোনো প্যাকেট বা পণ্য যথাযথ যাচাই ছাড়া খালাসের অনুমতি দেওয়া যাবে না। একই সঙ্গে তল্লাশি কার্যক্রমে অনিয়ম, অবহেলা কিংবা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
টেকনাফ স্থলবন্দর শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এটি দেশের সীমান্ত নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। তাই বাণিজ্যিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিটি পণ্যের শতভাগ যাচাই-বাছাই নিশ্চিত করা এখন সময়ের দাবি।
উল্লেখ্য এ দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নয়; বরং সীমান্ত নিরাপত্তা, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় একটি জনস্বার্থমূলক আহ্বান।
আপনার মতামত লিখুন