গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর এলাকায় রেললাইন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে গাজীপুর রেলওয়ে পুলিশ।নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।অদ্য বৃহস্পতিবার ১১ ই জুন সকালে উপজেলার রতনপুর রেলক্রসিংয়ের পাশে রেললাইনের উপর থেকে মরদেহ উদ্ধার করা হয়।গাজীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান সকালে রেললাইনের পাশে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি মরদেহটি দেখতে পান।পরে গাজীপুর রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায় নিহত ব্যক্তির পরনে ছিল জিন্সের প্যান্ট, ফুলহাতা শার্ট, গেঞ্জি ও কালো রঙের স্যান্ডেল।তবে তার কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।