গাজীপুরে সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত, সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি বিএমএসএফের
মোহাম্মদ আরিফ,গাজীপুর।
গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন। এ ঘটনায় আহত সাংবাদিকের সুচিকিৎসা,নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ ইং সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাউন্ড গ্রেনেডে পায়ে ও কানে আঘাত
জানা গেছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত সাংবাদিক মামুন হোসাইন অভিযোগ করেন তিনি ঢাকা থেকে যাওয়া আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে একটি গলির ভেতরে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এতে তাঁর বাম পায়ে গুরুতর আঘাত লাগে। পাশাপাশি গ্রেনেডের বিকট শব্দে কানেরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি
এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।সংগঠন দুটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার সাংবাদিকরা পুলিশের হামলায় আহত হবেন, অথচ কোনো ঘটনার বিচার হবে না-এটা হতে পারে না।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন রাষ্ট্রের পক্ষ থেকে আহত সাংবাদিকের নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
নেতৃবৃন্দ বলেন সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। সাংবাদিককে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সাংবাদিক নির্যাতনেরহ শামিল।
তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিক মামুন হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেন।এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অন্তত ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন