স্বীকৃতি নবায়নের আবেদন পাঠাতে ভুলে গেছেন বেলাল উদ্দিন,বিদ্যালয়ের ক্ষতি চান কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক?
করেসপন্ডেন্ট,গোয়াইনঘাট,সিলেট।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিনের দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যালয়ের স্বীকৃতির মেয়াদ নবায়নের জন্য নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষা বোর্ডে আবেদনসংক্রান্ত চিঠি পাঠানো হয়নি। এতে বিদ্যালয়ের ভবিষ্যৎ স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড,সিলেটের ৩০ শে জানুয়ারি ২০২৪ ইং তারিখের একটি চিঠিতে উল্লেখ করা হয়,আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মানবিক ও বি০জ্ঞান শাখার স্বীকৃতির মেয়াদ ১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে। একই চিঠিতে বলা হয়, স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাস আগে যথানিয়মে নবায়নের আবেদন করতে হবে। পাশাপাশি নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে পরিপালনের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী মেয়াদের স্বীকৃতি নবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
সে অনুযায়ী আগামী ৩১ শে ডিসেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়ের বর্তমান স্বীকৃতির মেয়াদ শেষ হবে। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নবায়নের জন্য প্রয়োজনীয় আবেদন সংক্রান্ত চিঠি এখনো শিক্ষা বোর্ডে পাঠানো হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার কথা থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেননি।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিন বলেন, ‘আমার অনেক কাজ থাকে, সেই জন্য ভুলে গেছি।’ তিনি আরও বলেন, বিদ্যালয়ের হিসাবরক্ষক তাঁকে এ বিষয়ে জানাননি।তবে এ বিষয়ে বিদ্যালয়ের হিসাবরক্ষক প্রদীপ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন "এটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব।তিনি বিষয়টি আমার উপর চাপিয়ে দিচ্ছেন। এটি আমার দায়িত্ব নয়।
অন্য দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বেলাল উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ও পড়ালেখার পরিবেশের অবনতি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।এর প্রতিফলন দেখা গেছে ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফলে।এ বছর বিদ্যালয়ের মাত্র ৩৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে,যা বিদ্যালয়ের ইতিহাসে বিরল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিনের অবসরে যাওয়ার সময়ও ঘনিয়ে আসছে।এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীলতার অভাব কেন, তা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁর দায়িত্বে অবহেলায় কি বিদ্যালয়ের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়েও আলোচনা চলছে।
এ বিষয়ে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব শাহ আলম স্বপন জানান,দায়িত্ব গ্রহণের পর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিনের বিভিন্ন অনিয়ম তাঁর নজরে এসেছে।স্বীকৃতি নবায়নের বিষয়ে জানতে চাইলে বেলাল উদ্দিন তাঁকে জানান, বোর্ড থেকে নোটিশ আসবে।পরে প্রতিষ্ঠানের ডকুমেন্টস পর্যালোচনা করে তিনি জানতে পারেন, নবায়নের জন্য ১২টি শর্ত পূরণ ও অডিটসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসব বিষয়ে কোনো প্রস্তুতি নেননি এবং বিষয়টি ভুলে গেছেন বলে জানিয়েছেন।বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবক ও সচেতন মহল।
আপনার মতামত লিখুন