জৈন্তাপুরে জাতীয় যুব দিবস উদযাপন,উদ্যোক্তাদের সম্মাননা ও যুব ঋণের চেক বিতরণ
করেসপন্ডেন্ট,সিলেট।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র ও উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।পাশাপাশি সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।অদ্য রবিবার ১ লা নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগামী সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ,উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসিম কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে কারিগরি শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে উপজেলার দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রামের ‘সোনার বাংলা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম’-এর পরিচালক সাইফ উদ্দিনসহ বেশ কয়েকজন সফল যুব উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।যুব-সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করাই দিবসটির আয়োজনের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন