সীমান্ত অপরাধের তথ্য বিজিবিকে জানানোর আহ্বান,জকিগঞ্জে সভা
করেসপনডেন্ট,সিলেট।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও মানব পাচারসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন করতে সিলেটের জকিগঞ্জে আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সভায় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার পাশাপাশি অপরাধের তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার আমলশিদ এলাকায় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে এ সভার আয়োজন করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন আমলশিদ বিওপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার।সভায় স্থানীয় চেয়ারম্যান,ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১২০ থেকে ১৫০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন।
আলোচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও বিএসএফের পুশইন প্রতিরোধের বিষয়টি গুরুত্ব পায়।পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি নিয়ে সৃষ্ট পরিস্থিতি,সীমান্তের শূন্যরেখায় মাছ ধরা এবং সেখানে অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।
সভায় নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধেও জনসাধারণের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।এসব অপরাধের কোনো তথ্য পাওয়া গেলে তা গোপন না রেখে দ্রুত বিজিবি কিংবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম নুরুজ্জামান তরফদার বলেন সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ ধরনের অপরাধে কেউ যেন জড়িয়ে না পড়েন,সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
এ সময় কোম্পানি কমান্ডার স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।
স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন