কাজিপুরে সোনামুখী মেলায় অশ্লীল নৃত্য,প্রতিবেদন প্রকাশের ৫ ঘণ্টায় বন্ধ করল প্রশাসন
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলায় অনুমোদনহীন প্যান্ডেলে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগ উঠার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল মঙ্গলবার ৩ রা নভেম্বর ২০২৬ ইং স্থানীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশের পরই টনক নড়ে প্রশাসনের।দ্রুত পদক্ষেপ নিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিন অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপূজা উপলক্ষে সোনামুখী এলাকায় ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হয়। তবে অনুমোদিত কার্যক্রমের বাইরে একটি যাত্রা প্যান্ডেল তৈরি করে সেখানে বিভিন্ন বয়সী নারীদের দিয়ে অশালীন অঙ্গভঙ্গিতে নৃত্য পরিবেশন করানো হচ্ছিল।শুধু তাই নয়,ঐ প্যান্ডেলে প্রবেশ করতে দর্শকদের কাছ থেকে ৬০০, ৮০০ থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত উচ্চহারে প্রবেশমূল্য আদায় করা হচ্ছিল। কিশোর ও যুবকসহ বয়োজ্যেষ্ঠ দর্শকদের উপচে পড়া ভিড় এবং মেলার নামে এমন আপত্তিকর কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও সামাজিক অসন্তোষের সৃষ্টি হয়।
অনুসন্ধানে মেলা কমিটির আয়োজক ও এ ঘটনার সঙ্গে স্থানীয় দোলা সরকার,ফজলুর রহমানসহ কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশের কয়েকজন সদস্যকে অনৈতিকভাবে এই আয়োজনে ব্যবহারেরও অভিযোগ উঠে।
স্থানীয় সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিরা জানান দুর্গাপূজার মেলা আমাদের আবহমানকালের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির অংশ।কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তির বাণিজ্য স্বার্থে মেলায় অরুচিকর ও অশ্লীল নৃত্য প্রদর্শন করায় ঐতিহ্যবাহী এই উৎসবের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বিনষ্টকারী এ ধরনের কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন