আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
রাজধানীর মিরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।অদ্য বুধবার ৪ ঠা নভেম্বর বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাবেয়া খাতুন মুনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আশরাফুজাহান।অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরে আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। এর পাশাপাশি প্রয়োজন শারীরিক সক্ষমতা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ।
তারা আরও বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা জাগ্রত করে।তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালে আয়োজিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পাশাপাশি এ আয়োজন অন্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জনে উৎসাহিত করে।
সংশ্লিষ্টরা বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়; বরং শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন