গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাঁওতাল হত্যা দিবস পালিত
মিজানুর রহমান,করেসপন্ডেন্ট,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লিতে হামলা,অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনায় তিন সাঁওতাল নিহতের দশম বার্ষিকী এবং সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার ৬ ই নভেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।পরে সাঁওতালদের ঐতিহ্যবাহী তীর-ধনুক,কালো পতাকা, ব্যানার ও সাত দফা দাবিসংবলিত ফেস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি সুফল হেমব্রমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা,পলাশবাড়ী উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা সিপিবির সভাপতি অশোক আগরওয়ালা, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কামরুল হাসান বসনিয়া,সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সহ-সভাপতি বার্নাবাস টুডু, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সাবু ও সাংগঠনিক সম্পাদক স্বপন শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের উচ্ছেদকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন সাঁওতাল আহত হন।আহতদের মধ্যে মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম নামে তিনজনের মৃত্যু হয়।
ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সাঁওতাল সম্প্রদায়ের নেতারা। একই সঙ্গে তারা সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
আপনার মতামত লিখুন