টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৬ মাসের কারাদণ্ড
মাজিবুল হক ।
কক্সবাজারের টেকনাফে মাদকসেবনের দায়ে রশিদ আহমেদ (২৩) নামে এক রোহিঙ্গাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অদ্য বৃহস্পতিবার ১২ ই নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায় নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের দিবাকালীন মোবাইল টহল দল ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে সি-ব্লকে এক ব্যক্তিকে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে।
পরে আটক ব্যক্তিকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিআইসি কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান (উপসচিব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত রশিদ আহমেদ (২৩) নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মো. ইউনুছ এবং মাতার নাম সামুদা বেগম।পরে সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন