রাঙ্গুনিয়ায় চলতি মাসে ২খুন,কৃষকের দুই হাত বিচ্ছিন্ন
মোঃ নেজাম উদ্দীন,করেসপন্ডেন্ট,রাঙ্গুনিয়া।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আমন ধানক্ষেত পাহারা দিতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোঃ নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তবর্তী একটি বিলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যার পর দুই হাত বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানা গেছে।নিহত নেজাম উদ্দিন ঐ এলাকার মোঃ রফিকুল ইসলাম বক্করের ছেলে। কৃষিকাজ ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। বন্য হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষা করতে রাতে নিজের খেতের পাশে পাহারা দিচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের অভিযোগ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি নিজ বাড়িতে ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন নেজাম উদ্দিন। এ কাজকে কেন্দ্র করে স্থানীয় একটি চক্র তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা নিয়ে এলাকায় সন্দেহ তৈরি হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে চাঁদা দাবির কোনো যোগসূত্র এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে কাজ চলছে।স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে তৎপরতা চলছে।
এর আগে গত ৬ অক্টোবর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিদার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি হত্যাকাণ্ডে দক্ষিণ রাঙ্গুনিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।স্থানীয়দের দাবি কৃষক নেজাম উদ্দিন হত্যার প্রকৃত কারণ উদঘাটন,চাঁদা দাবির অভিযোগ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি।পুলিশি তদন্তেই বেরিয়ে আসতে পারে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য।
আপনার মতামত লিখুন