লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ের স্থায়ী কর্মচারীদের 'ইন হাউজ প্রশিক্ষণ' অনুষ্ঠিত
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট প্রকৌশল বিভাগের আওতাধীন স্থায়ী কর্মচারী-মেট, কিম্যান,ওয়েম্যান, ট্রলিম্যান, গেট কিপার ও খালাসীগণের অংশগ্রহণে রেলপথ রক্ষণাবেক্ষণ বিষয়ক এক ইন হাউজ প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ রা নভেম্বর ২০২৬ খ্রিঃ সোমবার সকাল ৯.ঘটিকায় আয়োজিত এই প্রশিক্ষণে রেলওয়ের মাঠ পর্যায়ের সেবা প্রদান ও নিরাপদ ট্রেন চলাচলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে,লালমনিরহাটের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম রাজশাহীর প্রধান প্রকৌশলী আহসান জাবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান এবং বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক ট্রেইনার হিসেবে বিষদ দিকনির্দেশনা ও ব্যবহারিক বিষয়াদি উপস্থাপন করেন তিস্তা বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোঃ বজলুর রশীদ এবং লালমনিরহাট বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোঃ পলাশ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান প্রকৌশলী পশ্চিম আহসান জাবির বলেন রেলওয়ের লাইন রক্ষণাবেক্ষণের সাথে সরাসরি জড়িত মেট,কিম্যান, ট্রলিম্যান ও গেট কিপারগণই হলেন নিরাপদ ট্রেন চলাচলের মূল ভিত্তি।আপনাদের কাজের সামান্য অবহেলাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সচেতনতা বজায় রাখতে হবে। আধুনিক ও উন্নত ট্রেন সার্ভিস বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক বলেন মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কাজের সঠিক মান নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই ইন হাউজ প্রশিক্ষণ। আমাদের অভিজ্ঞ প্রশিক্ষকদের দেওয়া গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আপনারা মাঠ পর্যায়ে প্রয়োগ করলে ট্রেন দুর্ঘটনা বহুলাংশে কমে আসবে এবং বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
প্রশিক্ষণে লালমনিরহাট প্রকৌশল বিভাগের বিভিন্ন সেকশনের বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় রেলপথের ত্রুটি চিহ্নিতকরণ,জরুরি রক্ষণাবেক্ষণ, গেট নিরাপত্তা এবং সেফটি প্রটোকল বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।
বিষয় : রংপুর লালমনিরহাট
আপনার মতামত লিখুন