কাজিপুরে সোনামুখী মেলার অবৈধ দোকানপাট উচ্ছেদ করল প্রশাসন
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী মেলার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে চালু থাকা সব দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।জানা গেছে গত ৩ রা নভেম্বর ঐতিহ্যবাহী এই সোনামুখী মেলার নির্ধারিত মেয়াদ শেষ হয়। পরদিন ৪ নভেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার মূল স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের এই নির্দেশ অমান্য করে মেলার ভেতরে বেশ কিছু কসমেটিকস, খাবার ও মিষ্টির দোকান অবৈধভাবে চালু রেখে বেচাকেনা চালিয়ে আসছিলেন কিছু ব্যবসায়ী।
মেয়াদোত্তীর্ণ মেলার ভেতরে দোকান সচল থাকার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। এসময় পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় মেলার ভেতরে চালু থাকা কসমেটিকস,খাবার ও মিষ্টিসহ সব দোকান উচ্ছেদ করা হয়।পাশাপাশি মেলা প্রাঙ্গণে অবস্থান নেওয়া কাঠের সামগ্রীর দোকানিদেরও অতি দ্রুত সময়ের মধ্যে মেলার মাঠ খালি করে দেওয়ার কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে প্রশাসন জানায়, মেলার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো অবস্থাতেই সেখানে দোকানপাট চালু রাখার সুযোগ নেই। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মেলার মাঠ সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন