নিলামের ১০ গাছ কেটেই ক্ষান্ত নয়,একই সিরিয়ালে আরও গাছ কাটার অভিযোগ
রহমত আরিফ,ঠাকুরগাঁও।
নিলামে বরাদ্দ পাওয়া ১০টি গাছ কেটে নেওয়ার পরও থামেননি ঠিকাদার।একই সিরিয়াল নম্বর ব্যবহার করে মহাসড়কের পাশ থেকে অতিরিক্ত গাছ কাটার অভিযোগ উঠেছে রমজান আলী নামে এক ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের বাধার মুখে কাটা গাছগুলো জব্দ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অদ্য রবিবার ১৫ ই নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী উপজেলার খলিশাকুড়ি ঝলঝলি এগারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রমজান আলী জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কোলানি এলাকার বাসিন্দা।
বিএমডিএ সূত্রে জানা গেছে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ঝলঝলি থেকে এগারো মাইল পর্যন্ত সড়কের দুই পাশের গাছ অপসারণের জন্য গত ৫ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের ৫ নম্বর প্যাকেজে ৪১ থেকে ৫০ নম্বর পর্যন্ত চিহ্নিত ১০টি গাছ কাটার সর্বোচ্চ দরদাতা হন রমজান আলী।
বিএমডিএর ঠাকুরগাঁও জোনের সহকারী প্রকৌশলীর কার্যালয় থেকে দেওয়া কার্যাদেশ অনুযায়ী, ওই ১০টি গাছ অপসারণের জন্য তিনি ৪ হাজার ৬০০ টাকা এবং নির্ধারিত ভ্যাট ও আয়কর জমা দেন। পরে তাকে গাছগুলো কাটার অনুমতি দেওয়া হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ পাওয়া ১০টি গাছ কেটে নেওয়ার পরও একই নিলামের সিরিয়াল নম্বর ব্যবহার করে নতুন করে গাছের গায়ে নম্বর ও রং লাগিয়ে আরও গাছ কাটতে শুরু করেন রমজান আলী।বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাধা দেন। এ সময় কাটা গাছগুলো আটকে রাখা হয়। পরে বিএমডিএর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেন।
অতিরিক্ত গাছ কাটার অভিযোগ অস্বীকার করে রমজান আলী বলেন “আমি নিলামে যেসব গাছ পেয়েছি, সেগুলোই কাটছি। নিলামের বাইরে কোনো গাছ কাটিনি"।বিএমডিএর সহকারী প্রকৌশলী আলমগীর মো. রুহুল আমিন বলেন, “অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে"।
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, নিলামের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখা হবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন