পীরগঞ্জে মাদক সেবন,দুজনের কারাদণ্ড
হাসিনুজ্জামান মিন্টু,পীরগঞ্জ,ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের একজন ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।
অদ্য মঙ্গলবার ১৭ ই নভেম্বর ২০২৬ ইং বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন মীর এনামুল হক (৪২)। ইমাম হোসেনের বয়স ৫৩ বছর।
পুলিশের ভাষ্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভূষণ রায়ের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।এ সময় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়। তাঁদের তল্লাশিতে ইয়াবার গুঁড়া ও মাদক সেবনের সরঞ্জামের আলামত পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান অভিযানে বাড়ি থেকে কোনো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ইয়াবার গুঁড়া ও সেবনের উপকরণ পাওয়া গেছে। আটকের সময় দুজন মাদক সেবন করছিলেন বলে জানান তিনি।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মীর এনামুল হককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত দুজনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন