নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ কোটি টাকার মাদক জব্দ,আটক ৫৪
মোঃ রিমন আহমেদ,নওগাঁ।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় ৫৪ জনকে আটক করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। গতকাল বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় এ সময়ে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করে ১৬ বিজিবি। এসব অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮৮ হাজার ৮১২টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৮টি ইয়াবা, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন,১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২১ বোতল ভারতীয় মদ এবং ১১ লিটার বাংলা মদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) বিএসএফের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলতি বছরের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের এমন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো ঠেকানো হয়।
এ বিষয়ে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে প্রবেশ করানো ঠেকানো হয়েছে। একই সময়ে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন