ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

অপরাধ দমনে আরপিএমপির বিশেষ অভিযান অব্যাহত,একদিনে গ্রেফতার ৩০

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চুরি, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।অদ্য রবিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে।কোতয়ালী থানা পুলিশ চুরির দুটি পৃথক ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করে এবং চোরাই মালামাল উদ্ধার করে। এছাড়া ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।তাজহাট থানা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাস,নগদ টাকা ও অন্যান্য আলামত জব্দ করা হয়।একই সঙ্গে জনশৃঙ্খলা ভঙ্গ ও মারমুখী আচরণের অভিযোগে তিনজন এবং মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়।পরশুরাম থানা এলাকায় মাদক সেবনের দায়ে দুইজন এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।মাহিগঞ্জ থানা এলাকায় চোলাই মদ সেবনের অভিযোগে তিনজন এবং প্রতারণা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।অন্যদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে হাসপাতাল দালাল চক্রের সাতসদস্যকে গ্রেফতার করে।এছাড়া মাদক সেবনের দায়ে আরও চারজনকে আটক করা হয়।আরপিএমপির তথ্যমতে, অভিযানে মোট ৩০ জন গ্রেফতার হয়েছেন।এর মধ্যে হাসপাতাল দালাল চক্রের ৭ সদস্য,১ মাদক ব্যবসায়ী, ১১ মাদক সেবনকারী,৫ জুয়াড়ি,২ চুরি মামলার আসামি, ১ পরোয়ানাভুক্ত আসামি এবং ৩ জন জনশৃঙ্খলা ভঙ্গকারী রয়েছেন।পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অপরাধমুক্ত,নিরাপদ ও জনবান্ধব মহানগর গড়ে তুলতে রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অপরাধ দমনে আরপিএমপির বিশেষ অভিযান অব্যাহত,একদিনে গ্রেফতার ৩০