কাঁঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি।
ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ মো. সুমন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ সুমন কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামের মোঃ জয়নাল মোল্লার ছেলে।
পুলিশ জানায় গতকাল মঙ্গলবার ১৭ ই নভেম্বর বিকেলে কাঁঠালিয়া থানার সাধারণ ডায়েরি মূলে থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল পুলিশ।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ৩নং আমুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোনাউটা এলাকার আইউব আলী খানের অব্যবহৃত পুকুরের উত্তর পাশে তুষার চত্বর থেকে নতুনহাটগামী পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছেন।
সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল সাড়ে ৪টার দিকে ওই স্থানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসারদের সহায়তায় মো. সুমনকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরনে থাকা হাফপ্যান্টের বাম পকেট থেকে সবুজ রঙের পলিথিনে মোড়ানো ২৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে জব্দকৃত ট্যাবলেটের ওজন ২ দশমিক ৫ গ্রাম পাওয়া যায়।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ মেহেদী হাসান বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে"।
আপনার মতামত লিখুন