ভাতিজিকে ধর্ষণের রায়,চাচার যাবজ্জীবন
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
কুমিল্লা নগরীতে ভাতিজিকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অদ্য রবিবার ৫ ই জুলাই দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত রিফাত নগরীর ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গাংচর (মোগলটুলি) এলাকার কে এম স্বপনের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায় ভুক্তভোগী কিশোরী কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ২০২০ ইং সালের ১০ ই আগস্ট ওই কিশোরীর বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে চাচা কাজী মোজাম্মেল হক রিফাত ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।পরে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
পরবর্তীতে ঐ কিশোরী অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।এ ঘটনায় ২০২০ ইং সালের ১ লা অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২১ ইং সালের ২৮ শে মার্চ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিকিৎসা প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন।রায়ের প্রতিক্রিয়ায় ভুক্তভোগীর বাবা মহিউদ্দিন আহাম্মদ সুমন বলেন আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট।দীর্ঘদিনপর হলেও দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে।আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন