লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযান,ভারতীয় এস্কাপ সিরাপ,অটোভ্যান ও গরু আটক
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ, একটি অটোভ্যান ও একটি ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।অদ্য সোমবার ৩১ শে আগস্ট রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ৬১ বিজিবির অধীন পূর্ব সারডুবি ও ধবলগুড়ি বিওপির বিশেষ টহলদল হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান ও টহল পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায় হাতীবান্ধা থানার দোলাপাড়া ও বড়খাতা এলাকায় সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপসহ একটি অটোভ্যান আটক করা হয়।অন্য দিকে পাটগ্রাম থানার বড়বাড়ি ও সরকারহাট এলাকায় সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় গরু আটক করা হয়।আটককৃত সব মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতর ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।নিরাপদ,সুরক্ষিত ও অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বিষয় : সারাদেশ রংপুর লালমনিরহাট
আপনার মতামত লিখুন