সিরাজগঞ্জে অবৈধ বিদেশি সিগারেট বিক্রি,দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার মৌসুমি সিনেমা হল মোড়ে অবস্থিত হাফিজুল স্টোরে অভিযান চালিয়ে অবৈধ ও অনুমোদনহীন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রির অপরাধে দোকানটির মালিক হাফিজ শেখকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।অদ্য রবিবার ২৯ শে নভেম্বর ২০২৬ ইং সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল ইসলাম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা পর্যায়ের যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।অভিযানকালে হাফিজুল স্টোরে অবৈধ ও অনুমোদনহীন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়।এর পাশাপাশি দোকান থেকে গাঁজা ও পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দোকান মালিক হাফিজ শেখকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।তাদের মতে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণ করা সম্ভব।সংশ্লিষ্টরা জানান অবৈধ ও অনুমোদনহীন বিদেশি সিগারেটের বিক্রি ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।একই সঙ্গে ব্যবসায়ীদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যাবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন