ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ
মোঃ হাবিব,ঠাকুরগাঁও।
প্রকৃতি, পরিবেশ ও লোকজ ঐতিহ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখতে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক।অদ্য শুক্রবার ৬ ই নভেম্বর পরিদর্শনকালে তাঁরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।একই সঙ্গে বৃক্ষ গ্যালারিতে প্রত্যেকে একটি করে দুর্লভ ও দেশীয় প্রজাতির বৃক্ষেরচারা রোপণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকেরা জাদুঘরের অর্কিড হাব,কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ,লোকজ খেলনা ও পুতুল,নদী,সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী,বাদ্যযন্ত্র,তৃণমূলের লোকজ,বিজ্ঞান, মুক্তিযুদ্ধ ও বৃক্ষ গ্যালারি ঘুরে দেখেন।এসব গ্যালারিতে বাংলাদেশের প্রকৃতি, জীববৈচিত্র্য, ইতিহাস, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নানা নিদর্শন সংরক্ষণ ও উপস্থাপনা দেখে তাঁরা মুগ্ধ হন।
জাদুঘরের ব্যতিক্রমী উদ্যোগ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমেরও প্রশংসা করেন তাঁরা।জাদুঘরের বৃক্ষ গ্যালারিতে জেলা প্রশাসকেরা পশুর, তৈকর, কাইজেলিয়া,চাপালিশ,কাঞ্চন ও কৃষ্ণচূড়া প্রজাতির ছয়টি চারা রোপণ করেন।ইতোমধ্যে এ গ্যালারিতে প্রায় ১৫০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।পরিদর্শনকারী জেলা প্রশাসকেরা হলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক,কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ,পঞ্চগড়ের মোসাঃ শুকরিয়া পারভীন,দিনাজপুরের মোঃ রফিকুল ইসলাম, রংপুরের ইসরাত জাহান এবং গাইবান্ধার ড. মো: মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইএসডিএফ) ব্যবস্থাপনা পরিচালক শ্বাশ্বত জামান,ইএসডিওর হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স মোঃ আইনুল হকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রকৃতি,পরিবেশ, ইতিহাস,ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পরিচিত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। দেশীয় সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
আপনার মতামত লিখুন