বড়লেখায় ৩৩ বছর ইমামতির দায়িত্বপালনকারী আলেমেদ্বীন মাওলানা আব্দুল জব্বার আর নেই
শাহরিয়ার শাকিল,করেসপন্ডেন্ট,বড়লেখা,মৌলভীবাজার।
বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা এলাকায় দীর্ঘ ৩৩ বছর ইমামতির দায়িত্ব পালনকারী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল জব্বার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ইবনে সিনা হাসপাতালে ০৭ নভেম্বর রাত আনুমানিক রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা আব্দুল জব্বার পূর্ব গ্রামতলা জামে মসজিদ ও মধ্যগ্রামতলা জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি গ্রামতলা এলাকার মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মাঝে দ্বীনি শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে আসছিলেন।
এছাড়াও তিনি কয়েক বছর বড়লেখা জামেয়া ইসলামীয়া গ্রামতলা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।মরহুম মাওলানা আব্দুল জব্বারের বাড়ি বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার করিয়া গ্রামে।দীর্ঘদিন গ্রামতলা এলাকায় ধর্মীয় দায়িত্ব পালন করায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব।
তাঁর ইন্তেকালের সংবাদে ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিচিত এই আলেমের মৃত্যুতে স্থানীয় মুসল্লি, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
বিষয় : সারাদেশ সিলেট মৌলভীবাজার
আপনার মতামত লিখুন