চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’ উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডের পুরাতন গীর্জা এলাকায় থাকা দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিকানাধীন মার্কেটের সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় দীর্ঘকাল ধরে এস.এম আবদুল আলী গংয়ের অবৈধ দখলে থাকা ‘হোটেল সাউদিয়া আবাসিক’ উচ্ছেদ করে বাদ্যবাজনা বাজিয়ে সোসাইটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
এসময় হোটেলের মূল ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেয়া হয়। বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত রায় ও উচ্ছেদের আদেশের ভিত্তিতে আজ ৯ নভেম্বর সোমবার সকালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ও সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন। সোসাইটির সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হেলাল হোসেনসহ নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
আদালতের রায় মতে দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বিবাদী পক্ষের কাছে ক্ষতিপূরণ বাবদ মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৯৮ টাকা পাওনা রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানান হোটেলটির ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিরোধ দেখা দেয়ায় দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষে সেক্রেটারী বাদী হয়ে ভাড়াটিয়া এস.এম আবদুল আলী গংয়ের বিরুদ্ধে চট্টগ্রাম সদর সিনিয়র সিভিল জজ ১ম আদালতে অপর মামলা ৬৬৪/২০২১ দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত বিগত ২০২৫ ইং সালের ২৪ শে জুলাই বাদী পক্ষে রায় ঘোষনা করেন এবং চলতি সালের ৫ ই নভেম্বর তারিখে উচ্ছেদের আদেশ দেন।আজ ৯ ই নভেম্বর সোমবার অবৈধ দখলদারের কাছ থেকে ৪ হাজার ১০৬ বর্গফুটের আবাসিক হোটেলের স্থাপনাটি দখলমুক্ত করে দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোসাইটির সভাপতি কামরুল ইসলাম জানান কে.সি.দে রোডের পুরাতন গীর্জা এলাকায় থাকা দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিকানাধীন সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় আবাসিক হোটেল ব্যবসা করার জন্য ১৯৮৫ ইং সালের ১৫ ই জুন তারিখে বিবাদী পক্ষ ৪ হাজার ১০৬ বর্গফুটের স্থাপনাটির প্রতি বর্গফুট ১.৬০ টাকা মাসিক ভাড়ায় প্রিমিসেস নির্মাণের রেজিস্ট্রিকৃত চুক্তিনামা সম্পাদন করেন এস.এম আবদুল আলী গং।
চুক্তিপত্র মতে প্রিমিসেস নির্মিত হওয়ার পর বাদী প্রতিষ্ঠান ও বিবাদীর মধ্যে বিগত ১৯৮৭ ইং সালের ১৩ ই মে তারিখে আবারও ৩ বছরের জন্য নতুনভাবে চুক্তিপত্র সম্পাদিত হয় এবং সোলেহনামামূলে ঘর ভাড়া প্রতি বর্গফুট বৃদ্ধি করে ২ টাকায় উন্নীত করা হয়।
চুক্তিপত্রের শর্ত ভঙ্গ ও নিয়মিত ভাড়া পরিশোধ না করায় সোসাইটির পক্ষ থেকে এস.এম আবদুল আলী গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হয়। একইসাথে ঘরটি বাদীপক্ষকে বুঝাইয়া দিতে বিবাদী পক্ষকে মোখিকভাবে অনুরোধের পাশাপাশি বারবার নোটিশ প্রদান করা হয়।
বিবাদী পক্ষ এতে কর্ণপাত না করায় সোসাইটির পক্ষ থেকে চট্টগ্রাম সদর সিনিয়র সিভিল জজ ১ম আদালতে মামলা দায়ের করা হয়। এস.এম আবদুল আলী গংয়ের অবৈধ দখলে থাকা ‘হোটেল সাউদিয়া আবাসিক’ উচ্ছেদ করে বাদ্যবাজনা বাজিয়ে সোসাইটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তরের মাধ্যমে বিজ্ঞ আদালতের রায় কার্যকর করেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক হেলাল হোসেন জানান দীর্ঘ বছর ধরে এস.এম আবদুল আলী গংয়ের অবৈধ দখলে থাকা ‘হোটেল সাউদিয়া আবাসিক’ জেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদসহ দখলমুক্ত করে বাদ্যবাজনা বাজিয়ে সোসাইটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞ আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে সোসাইটির সম্পত্তি উদ্ধার হওয়ায় আমরা অনেক খুশী।আমরা দীর্ঘ বছর পরে হলেও আমাদের সম্পত্তি বুঝিয়া পেয়েছি।
আপনার মতামত লিখুন