ভাঙ্গুড়ায় ছাত্রলীগ নেতাকে না পেয়ে নাপিতকে আটকের অভিযোগ
আব্দুল আজিজ,ভাঙ্গুড়া,পাবনা।
পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে তাকে না পেয়ে নরেশ বিশ্বাস (২৪) নামের এক নাপিতকে আটক করেছে পুলিশ।পরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অদ্য মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গুড়া ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস বিভিন্ন কর্মসূচি পালন করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে আসছিলেন। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতার সুস্থতা কামনায় নরেশের বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন সুকেশসহ কয়েকজন ছাত্রলীগ নেতা।
ঐ অনুষ্ঠানের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।এরপর পুলিশ সুকেশকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়।এ সময় তিনি কৌশলে পালিয়ে গেলে তাকে না পেয়ে নাপিত নরেশকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক বাসিন্দা বলেন নরেশ একজন নাপিত এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন।তাকে কখনো কোনো রাজনৈতিক মিছিল বা সভা-সমাবেশেও দেখা যায়নি বলে দাবি করেন তারা।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নরেশকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ভাঙ্গুড়া থানায় দায়ের করা অষ্টমনিষা বিস্ফোরক মামলায় তদন্তকালে নরেশের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ কারণে তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত বছরের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি করেন।মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়
আপনার মতামত লিখুন