বঙ্গোপসাগরের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবেঃ স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
আন্তর্জাতিক মহলে আলোচনা করে বঙ্গোপসাগরের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেন ঐ গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।অদ্য রবিবার ২৭ শে সেপ্টেম্বর বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী বলেন "যারা সাংবিধানিকভাবে বাংলাদেশে রাজনীতি করার জন্য নিষিদ্ধ এবং যাদের অতীত ইতিহাস খুন,গুম,লুণ্ঠন ও মানুষের কণ্ঠরোধের ইতিহাস-তারা যদি গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়,তাহলে মানিকগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না"।তিনি আরও বলেন "আমাদের নেতা বাংলাদেশের সব মানুষের কাছে গ্রহণযোগ্য একজন সৎ রাজনৈতিক নেতা।সারা বিশ্বে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং জাতিসংঘে বক্তব্য রেখেছেন।এ কারণে তাদের হিংসা হচ্ছে"।তিনি বিভিন্ন স্থানে পটকা ও ককটেল বিস্ফোরণ এবং ব্যানার টাঙানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন।
বঙ্গোপসাগরের গ্যাস প্রসঙ্গে মন্ত্রী বলেন "বঙ্গোপসাগরের নিচে চারদিকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে। আমাদের গ্যাসও নিচ দিয়ে চলে যাচ্ছে"।এ বিষয়ে তিনি আগের সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নেতৃত্ব নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
সারের মজুত প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে পরিমাণ সার রেখে যাওয়া হয়েছিল, বর্তমানে তার চেয়ে বেশি সার মজুত রয়েছে।তার দাবিপ্রতিটি উপজেলায় পর্যাপ্ত সার রয়েছে এবং কোথাও সারের সংকট নেই।জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত,জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার,গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল রহমান খান প্রমুখ।সভা শেষে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন