সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ,ছুরিকাঘাতে যুবক হত্যা,প্রধান আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় সিলেট নগরের কাষ্টঘর এলাকায় হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আমিন আহমদকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার ২ রা নভেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।অদ্য মঙ্গলবার ৩ রা নভেম্বর বাহিনীটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেফতার আমিন আহমদ সিলেটের এয়ারপোর্ট থানাধীন নালিয়া এলাকার বাসিন্দা। তিনি শহিদ আহমদের ছেলে এবং কোতোয়ালী মডেল থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১১ ই অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় হৃদয় হরিজনের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ সময় হৃদয় এর প্রতিবাদ জানিয়ে ছবি তুলতে নিষেধ করলে আমিন আহমদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেন।এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনী সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নেওয়া হয়। সেখানে আসামিরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশে গুরুতর জখম হয়।
হৃদয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।১২ i অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ১৯। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।এসআরবি-৯ জানায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্তের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের
ভিত্তিতে জৈন্তাপুরের শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি -৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসারকে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন