ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান,নারীসহ গ্রেফতার ৪
রহমত আরিফ,ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১২ ই নভেম্বর ২০২৬ ইং সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন।মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জেলার মাদকের ভয়াবহতা দূর করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।সংসদ সদস্যের এ ঘোষণার পর জেলায় মাদক বিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে ডিবি পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন - ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মো. রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বার ও মৃত রুবি বেগমের ছেলে রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়া এলাকার শ্রী হরিপদ বর্মন ও কোকিলা রানীর ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিমনগর (শান্তিনগর) এলাকার মোহাম্মদ দয়ালের মেয়ে মোসাম্মৎ হাসি আক্তার।
এদিকে, ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
আপনার মতামত লিখুন