পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার,দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায়
মোঃ আরিফুল ইসলাম,ভাঙ্গুড়া,পাবনা।
পাবনায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে দুজন ফরিদপুর উপজেলা এবং একজন ভাঙ্গুড়া উপজেলার নেতা। বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়।গতকাল শনিবার ২৮ শে নভেম্বর ২০২৬ ইং রাতে ফরিদপুর ও ভাঙ্গুড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফরিদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান মোল্লা (৪২)। তিনি উপজেলার মধ্যপুঙ্গলী গ্রামের মৃত ফরিদ উদ্দিন মোল্লার ছেলে। অপরজন পুঙ্গলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রকিবুল হোসেন (৪২)। তিনি দত্তপুঙ্গলী উত্তরপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
অন্যদিকে, ভাঙ্গুড়ায় গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সিরাজ ওরফে সিরাই (৪৪)। তিনি উপজেলার কুমড়াডাঙ্গা গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় সুরুজ্জামান মোল্লা ফরিদপুর থানার মামলা নম্বর-৬, তারিখ ২২ নভেম্বর ২০২৫-এর তদন্তে পাওয়া আসামি। মামলাটিতে দ-বিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৪২৭/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮-এর ৩/৪ ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে রকিবুল হোসেন ফরিদপুর থানার এফআইআর নম্বর-৪,তারিখ ৮ ই সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৭০-এর তদন্তে পাওয়া আসামি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারায় মামলা রয়েছে।
এ ছাড়া সিরাজ ওরফে সিরাই ভাঙ্গুড়া থানার মামলা নম্বর-৪, তারিখ ১৩ মে ২০২৫, জিআর নম্বর-৩৫-এর আসামি। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় মামলা রয়েছে। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল ইসলাম ও এসআই মোঃ আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।গ্রেফতার দুই আসামিকে রবিবার ২৯ শে নভেম্বর ২০২৬ ইং পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম জানান বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে সিরাজ ওরফে সিরাইকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন